বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জ পৌরসভার ভরপাশা গ্রামে পৈত্রিক সম্পত্তিতে বসতঘর নির্মাণ কাজে নিকটাত্নীয়রা বাঁধা দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া সেই নিকটাত্নীয়রা বরিশালের আদালতে জমির মূল মালিক মোঃ নিয়ামুল ইসলামদের বিরুদ্ধে মামলাও করেছেন বলে জানা গেছে। এ ব্যাপারে প্রতিকার ও তার পৈত্রিক সম্পত্তিতে গৃহনির্মাণ কাজ করতে প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন মোঃ নিয়ামুল ইসলাম।
সাংবাদিকদের নিকট তিনি অভিযোগ করেন, বাকেরগঞ্জ পৌসভার জেএল ৪৬নং ভরপাশা মৌজার, এসএ খতিয়ান-১৪১৬, দাগ নং-১২১০ এ পৈত্রিক সুত্রে তারা ৩৪ শতাংশ জমির মালিক। ওই জমিতে তার তালই, দাদা ও পিতা গৃহ নির্মাণ করে শতাধিক বছর ধরে বসবাস করে আসছেন। তার পিতা কয়েক বছর আগে মারা গেলে গত এক সপ্তাহ পূর্বে তিনি তাদের পুরান টিনের বসতঘর ভেঙ্গে ওই জমিতে নতুন ঘরের কাজ শুরু করেন। আর এতে বাঁধা দেয় প্রতিবেশী মৃত মজিবুল হকের পুত্র শফিকুল ইসলাম শাহিন ও তাদের পরিবার। অথচ তাদের মূল বাড়ি রঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া গ্রামে। তার তালইর বোনের দিক থেকে শাহিনরা সম্পত্তি পেলে সেই জমিতে তারা ঘর উঠিয়ে বসবাস করে। আর তাদের পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমিতে গৃহ নির্মাণ কাজ বন্ধ করার জন্য গত ২৪ মার্চ শফিকুল ইসলাম শাহিন বাদি হয়ে আদালতে ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় থানা পুলিশ গিয়ে পরদিন ২৫ মার্চ তাদের গৃহনির্মাণ কাজ বন্ধ রাখতে বলেন।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন মিলন বলেন, ‘বিষয়টি আদালতের, তাই কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। তবে সত্যের পক্ষে তদন্ত প্রতিবেদন দিতে যতটুকু সহযোগিতা প্রয়োজন পুলিশের পক্ষ ঠিক ততটুকুই করা হবে।’