ইমরান হোসাইন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে শত বছরের ঐতিহ্যবাহী বুড়াদিঘী কবরস্থান দখলের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। শুক্রবার (১এপ্রিল’২২) জুমার নামাযের পর হতে ঘন্টাব্যাপী পূর্ব গৌরীপাড়া (ঢাকা মোড়) সংলগ্ন মেরিনা ফিলিং স্টেশনের সামনে এসব কর্মসূচি পালন করা হয়। ঘন্টা ব্যাপী চলা বিক্ষোভ মানববন্ধনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক বন্ধ হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
উপজেলার পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া, খালাশিপাড়া ও এসতাব নগর গ্রামের বাসিন্দারা তাদের বাপ-দাদার কবরস্থান বুড়াদিঘী পুকুর পাড় জনৈক আনোয়ারুল কাদির কর্তৃক দখলের প্রতিবাদে এসব কর্মসূচি পালন করেন।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ৫নং পৌর কাউন্সিলর মো. মমতাজুর রহমান পারভেজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন মন্ডল, পূর্ব গৌরীপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি মো. আলতাব মন্ডল, বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্রামের পুর্ব পুরুষদের সিএস এসএ রেকর্ডভুক্ত কবরস্থান জবর দখল করে পূর্ব গৌরীপাড়ার মৃত. আ. জব্বারের পুত্র আনোয়ারুল কাদির নিজ নামে গোপনে মাঠপর্চা, রেকর্ড এবং নামজারী করেছে। বর্তমানে তিনি কবরস্থানের জায়গায় গোয়াল ঘর, টয়লেট নির্মাণ সহ ব্যক্তিগত স্থাপনা নির্মাণ করে কবরস্থানের পবিত্রতা বিনষ্ট করছেন। আমরা তিন গ্রামের বাসিন্দারা কোনো ভাবেই মেনে নিতে পারিনা। এছাড়া তিনি জানাযা নামাজ পড়ার জায়গাটিতে মাটি রেখে ঢিবি করে রেখেছেন, যাতে কেউ জানাযা নামাজ পড়তে না পারে। বাধ্য হয়ে তিন গ্রামের মানুষ কখনও জিএম স্কুল ঈদগাহে, কখনও রাস্তায় জানাযা নামাজ পড়তে বাধ্য হচ্ছি। তাই ওইসব মাঠপর্চা, নামজারী ও রেকর্ড বাতিল করে কবরস্থান রক্ষার দাবীতে আমরা গ্রামবাসী একত্রিত হয়ে রাস্তায় নেমেছি। অবিলম্বে সবকিছু বাতিল করে কবরস্থানের জায়গা দখল মুক্ত করতে হবে। অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলেও মন্তব্য করেন বক্তারা।
পরে জন দূর্ভোগের বিষয় খেয়াল করে মানববন্ধন সমাপ্ত করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে অভিযুক্ত আনোয়ারুল কাদির এর সাথে কথা বললে তিনি জানান, এটি আমার নিজস্ব সম্পত্তি যা আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছি। আমার জমি আমি কেনো ছাড়বো? প্রয়োজনে কাগজপত্র দেখতে পারেন।