• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের কলসকাঠীর আলোচিত জুয়েলারি ডাকাতি মামলার দুর্ধর্ষ ডাকাত আলামিন শরীফ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৪, ২০২২, ১২:২৮ অপরাহ্ণ
বাকেরগঞ্জের কলসকাঠীর আলোচিত জুয়েলারি ডাকাতি মামলার দুর্ধর্ষ ডাকাত আলামিন শরীফ গ্রেফতার

দানিসুর রহমান লিমন-
দুর্ধর্ষ ডাকাত আলামিন শরীফ! একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সে। কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকেই ডাকাতি ছাড়াও বিভিন্ন ধরণের অপকর্ম করে আসছিলো। এই দুর্ধর্ষ ডাকাতকে ধরতে গিয়ে বেশ কয়েকবার ব্যর্থ হয়েছেন বিভিন্ন থানা পুলিশের একাধিক টিম।

অবশেষে বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠী বাজারের আলোচিত ৭টি জুয়েলারি ডাকাতি মামলার দুর্ধর্ষ ডাকাত আলামিন শরীফকে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। পুলিশের ব্যর্থতার গ্লানি মুছে দিলেন বাকেরগঞ্জ থানার এএসআই ফারুক হোসেন। তার সাথে ছিলেন কনস্টেবল ওলিউল্লাহ।

থানা সুত্রে জানা যায়, ৪ এপ্রিল রবিবার বিকেল ৩টার সময় ছদ্মবেশ ধারণ করে বিশেষ কৌশলে ফাঁদ পেতে দুর্ধর্ষ ডাকাত আলামিন শরীফকে গ্রেফতার করা হয়।
উপজেলার গারুড়িয়া ইউনিয়নের রবিপুর গ্রামের মৃত মোতালেব শরীফের পুত্র ডাকাত আলামিন শরীফকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ওয়ারেন্টভুক্ত একটি ডাকাতি মামলায় আলামিনকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলা নং ২৪১/১৯।

ডাকাত আলামিনের নামে বরিশালের উজিরপুর, মাদারীপুরের কালকিনি থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আলামিন ২০১৬ সালের ১১ মে উজিরপুর এবং ২০২১ সালের ২ জুলাই কালকিনির ডাকাতি মামলার অন্যতম আসামি।

এছাড়া বাকেরগঞ্জের কলকাঠী বাজারের আলোচিত ৭টি জুয়েলারি ডাকাতি ঘটনার অন্যতম হোতা এই দুর্ধর্ষ ডাকাত আলামিন শরীফ।