• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

থানায় অভিযোগ দেয়ায় বাদীকে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৪, ২০২২, ১১:০০ পূর্বাহ্ণ
থানায় অভিযোগ দেয়ায় বাদীকে পিটিয়ে আহত

গৌরনদী প্রতিনিধি \ চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করায় বাদীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম চন্দ্রহার গ্রামের।
সোমবার দুপুরে ওই গ্রামের সুখরঞ্জনের স্ত্রী অরুনা মন্ডল অভিযোগ করে বলেন, গত কয়েকদিন পূর্বে তার বসতঘরে কেউ না থাকার সুযোগে দিনের বেলায় দুই ভরি স্বর্ন ও নগদ ৪০ হাজার টাকা চুরি হয়ে যায়। চুরির ঘটনার পরপরই পার্শ্ববর্তী বাড়ির রেখা হালদার ও তার কন্যা জবা হালদার রহস্যজনক ভাবে এলাকা ছেড়ে চলে যায়। এ নিয়ে তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। চুরির বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গণমান্যদের জানানো হয়। পরবর্তীতে তাদের পরামর্শে ঘটনার সাতদিন পর ফকিরের কাছ থেকে চাল পরা নিয়ে এলাকাবাসীর উপস্থিতিতে ১৭ জন ব্যক্তিকে খাওয়ানো হয়।
তিনি আরও জানান, চাল খাওয়ার সময় সকলের চাল মুখের ভিতর তরল হয়ে গেলেও রেখা হালদারের চাল পাউডারের মত হয়ে যায়। একপর্যায়ে চুরির কথা স্বীকার করে রেখা হালদার। গত শুক্রবার চুরির ঘটনায় গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার (অরুনা মন্ডল) ভগ্নিপতি প্রকাশ চন্দ্র পোদ্দার। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রেখা হালদারের ছেলে কপিল হালদার ও তার সহযোগীরা অভিযোগের বাদী প্রকাশ চন্দ্রকে পিটিয়ে গুরুতর আহত করে।
হাসপাতালে চিকিৎসাধীন প্রকাশ চন্দ্র পোদ্দার জানান, চুরির দায় স্বীকার করার পর চোরাইকৃত টাকা ও স্বর্নালংকার ফেরত দিচ্ছিলো না রেখা হালদার। তাই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে ফকিরের চাল পরায় চোর সনাক্তের বিষয়টি কতটা যুক্তিযুক্ত তার সদুত্তর দিতে পারেনি কেউ। এ বিষয়ে অভিযুক্ত রেখা হালদার জানান, সমাজে আমাকে ও আমার মেয়েকে হেয়প্রতিপন্ন করতে মিথ্যে চুরির অভিযোগ দেয়া হয়েছে।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।