দানিসুর রহমান লিমন-
বরিশালের বাকেরগঞ্জে মোঃ শাহিন হাওলাদার নামের একজন ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী সংগঠন ডিপেন্ডেবল ইয়ুথ সোসাইটি। উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ওই ক্যান্সার আক্রান্ত রোগীর পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো না থাকায় তার পরিবারের সদস্যগণ ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটির কাছে সহযোগীতা চাইলে তাদের স্বেচ্ছাসেবী সদস্যরা চিকিৎসার জন্য তাকে সহযোগীতার আশ্বাস দেয়।
সংগঠনটির স্বেচ্ছাসেবীরা নিজেদের উদ্যোগে সমাজের সকল স্তরের মানুষের কাছ থেকে নগদ অর্থ সংগ্রহ করেন। মঙ্গলবার সকাল ১১টায় উত্তোলিত সেই অর্থ সংগঠনের পক্ষে ক্যান্সার আক্রান্ত মোঃ শাহিন হাওলাদারের স্ত্রী মোসাঃ সুমি বেগমের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়।
সংগঠনটির সভাপতি শাহরিয়ার রিজভী বলেন, তারা তাদের উত্তোলিত নগদ অর্থ ক্যান্সার আক্রান্ত শাহিনের পরিবারের কাছে দিতে পেরে আনন্দিত। তিনি তার আশু সুস্থতা কামনা করেন। পাশাপাশি তিনি সকলকে রোগীর চিকিৎসার জন্য সহযোগীতা করার আহবান জানান।
অসুস্থ মোঃ শাহিন হাওলাদারের স্ত্রী মোসাঃ সুমি বেগম তার ক্যান্সার আক্রান্ত স্বামীর দুঃসময়ে নগদ অর্থ সহায়তা দেয়ার জন্য তিনি সংগঠনটির স্বেচ্ছাসেবীদেরকে ধন্যবাদ জানান।