রাবি প্রতিনিধি : পরিবারের সাথে অভিমান করে সিলিং ফেনের সাথে গলায় গামছা বেধে আত্মহত্যার চেষ্টা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফার্সি বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী। তার নাম হাসানুল বান্নাহ (১৮)। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধায় থানায়।
বুধবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় বিনোদপুর মন্ডলের মোড়ে আব্দুর রহিম ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।
পরে তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেকে) ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর অবস্থা অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। তবে তার অবস্থা এখনও আশংকামুক্ত নয় বলে জানান চিকিৎসকরা।
পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যার চেষ্টা করছে বলে জানান আহত শিক্ষার্থীর সহপাঠীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাবি ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, পরিবারের সাথে রাগারাগি করে এমন ঘৃণ্য পথ বেছে নিয়েছেন বান্নাহ। সে এখনো কথা বলতে পারছে না। চিকিৎসকরা ৭২ ঘন্টা সময় দিয়েছেন তারপর বলা যাবে কি হয়।