স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে দুই লাল কার্ড ও গোল বন্যার ম্যাচে গোপালগঞ্জ ভেন্যূতে সাইফ স্পোটিং ক্লাবের সাথে ৩-৩ গোলে ড্র করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
আজ শুক্রবার (০৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় শেখ ফজুলল হক মনি স্টেডিয়ামে সাইফ স্পোটিং ক্লাবের মুখোমুখি হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। প্রথমার্ধের শুরুতে দুই দল অগোছালো ফুটবল খেললেও গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মুক্তিযোদ্ধাকে।
খেলার ৯ মিনিটে জাপানী খেলোয়াড় তেতসুয়াকি মিসাওয়া গোলে লিড নেয় মুক্তিযোদ্ধা। ২১ মিনিটে সাইফের সাজ্জাদ হোসেন শাকিল গোল করে সমতায় ফেরায় দলকে। ২৭ মিনিটে মুক্তিযোদ্ধার দিদারুল আলম গোল করে ২-১ গোলে এগিয়ে দিলেও ৪ মিনিট পর ৩১ মনিটে মোহাম্মদ রিয়াদুল হোসেন রাফি গোল করে সাইফকে সমতায় ফেরান। ৩৫ মিনেটে আমিনূর রহমান সজিব গোল করলে ৩-২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মুক্তিযোদ্ধা।
খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে সাইফ স্পোটিং ক্লাব। ৬৩ মিনিটে বিদেশী খেলোয়াড় এমফন উডো গোল করে সাইফকে সমতায় ফেরান। শেষ মূহূর্তে মুক্তিযোদ্ধার গোলরক্ষক মোহামেদ রাজীব ও তারিকুল ইসলাম লাল কার্ড দেখলে ৯ জনের দলে পরিনত হয়। খেলার অন্তিম মূহূর্তে সাইফ গোল করলেও অফসাইডের কারনে বালিত হলে ৩-৩ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।
তবে খেলা শেষে দুই দলে খেলোয়াড়দের মাঝে উত্তেজনা দেখা দেয়। রেফারির সাথে মুক্তিযোদ্ধার ম্যানেজারের হাতাহাতির ঘটনা ঘটে। এসময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। #