নিজস্ব প্রতিবেদন
বরিশালের মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মায়ানুর বেগম ও তার মেয়ে নাসরিন বেগম।
এ ঘটনায় নিখোঁজ আরও তিনজন। তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড, নৌ ও থানা পুলিশ।
মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মেহেন্দিগঞ্জ থানা পুলিশের পরিদর্শক মো. শহিদুজ্জামান বলেন, মাঝেরচর থেকে দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে এক আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে ২৫ জন যাত্রী নিয়ে গজারিয়া নদীতে ট্রলারটি ডুবে যায়।
এ সময় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।