বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একজন কৃষককে ডাকাত সাজানোর অপচেষ্টা করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মোঃ মফলু হাওলাদার শুক্রবার বিকেল ৩ টায় বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার ১৩নং পাদ্রীশিবপুর ইউনিয়নের আড়াইবেকী গ্রামে তিনি তার পৈত্রিক সম্পত্তিতে একটি টিনের ঘর নিমাণ করেন। এতে একই গ্রামের মৃত আলতাফ হাওলাদারের পুত্র মিলন হাওলাদার তার নিমাণ কাজে বাঁধা দেয়।
তিনি আরও বলেন, তার প্রতিপক্ষ মিলন হাওলাদারের পক্ষাবলম্বন করে পাদ্রীশিবপুর নিউ মার্কেট এলাকার ধলু খানের পুত্র চিহৃিত চাঁদাবাজ কালাম খান মীমাংসার কথা বলে তার নিকট ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি তার দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে কালাম তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে তাকে ডাকাত বলে সোস্যাল মিডিয়ায় অপপ্রচার চালায়। অথচ তার নামে কোন থানায় ডাকাতির মামলাতো দূরের কথা কোন অভিযোগও নেই।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৮ মার্চ পাদ্রীশিবপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু ও ইউপি সদস্য মিজানুী রহমান মোতালেবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ বিষয় সালিশ বৈঠক হয়। তার পরেও একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে তাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করছে। এমনকি ওই কুচক্রিমহল তাকে খুন-জখমের হুমকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি চাঁদাবাজ কালাম ও ভুমিদস্যু মিলন হাওলাদারের হয়রানী থেকে অব্যাহতি পেতে র্যাব ও পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি ও সহায়তা কামনা করেছেন।