মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জ দড়িচর খাজুরিয়া ইউনিয়নের গজারিয়া নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল আনুমানিক সোয়া ৯টার সময় পার্শ্ববর্তী কালাবদর নদী থেকে স্থানীয় জেলেরা নিখোঁজ মালা বেগম (৩৬) এবং শিশু ইয়ামিন (৫) এর লাশ উদ্ধার করেণ। মালা বেগম হলেন, দড়িচর খাজুরিয়া ইউনিয়নের মাঝেরচর গ্রামের সাইফুল হাওলাদারের স্ত্রী এবং শিশু ইয়ামিন একই এলাকার রহিম চৌকিদারের ছেলে। এর আগে শনিবার অপর নিখোঁজ রোহান (৭) এর লাশ উদ্ধার করা হয়। এনিয়ে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৩ জনসহ সর্বমোট ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। উল্লেখ্য, গত শুক্রবার সকাল ১০টার দিকে একটি পারিবারিক জানাযা নামাজে অংশগ্রহণ করার লক্ষ্যে ১১/১২জন লোক নিয়ে মাঝেরচর এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত খোলা ট্রলারযোগে নদীর ওইপাড়ে দড়িচর খাজুরিয়া যাওয়ার সময় দেওয়ান বাড়ি সংলগ্ন এলাকায় পৌছলে প্রচন্ড ঢেউের কারণে ট্রলারটি নদীতে ডুবে যায়। এসময় ওই নদীতে টহলরত থাকা কোস্টগার্ডের সদস্যরা তাৎক্ষনিক হতাহতদের উদ্ধার করতে এগিয়ে আসেন। পরে কোস্টগার্ড ও স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করা হয় এবং একই সাথে ২ জনের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মালা বেগম, রোহান হোসেন ও ইয়ামিন নামের ৩জন নিখোঁজ ছিলেন। যাদের লাশ শনিবার রোহান এবং রবিবার সকালে সর্বশেষ মালা বেগম ও ইয়ামিন এর লাশ উদ্ধার করা হয়।