গৌরনদী প্রতিনিধি \ ফার্মাসিষ্টের অপচিকিৎসার শিকার হয়ে শেবাচিম হাসপাতালে মূমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সালেহা বেগম (৫২)। অসুস্থ সালেহা বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের রওশন আলী সরদারের স্ত্রী। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর ফার্মাসিষ্ট পলাতক রয়েছেন।
অসুস্থ সালেহা বেগমের ছেলে রাসেল সরদার অভিযোগ করে বলেন, গত রবিবার (১০ এপ্রিল ) দুপুরে আমার মায়ের শরীরে জ্বর অনুভব করলে গৈলা বাজারের মা-বাবার আর্শীবাদ নামের ফার্মেসীতে যায়। ওই ফার্মেসীর মালিক মুকুল শীল তাকে (সালেহা) কয়েক প্রকার ঔষধ দেয়। ফার্মাসিষ্ট মুকুলের দেয়া ঔষধ সেবনের পর একইদিন রাতে গুরুতর অসুস্থ হয়ে পরেন তার মা সালেহা বেগম। রাতেই তাকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পর থেকে একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাঁপা দেয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।