• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীর কবিরহাটে বিষপানে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২২, ২০:৩০ অপরাহ্ণ
নোয়াখালীর কবিরহাটে বিষপানে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কবিরহাটে ৫ বছরের শিশু মেয়েকে বিষপান করিয়ে এক মা নিজেও আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার চাপরাশির হাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের নরসিংপুর গ্রামের সিরাজ ইঞ্জিনিয়ারের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী গা ঢাকা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাপরাশির হাট ইউনিয়নের নরসিংহপুর গ্রামের সৌদি প্রবাসী আবদুল কুদ্দুস গত ১০দিন আগে সৌদি থেকে দেশে আসেন। আসার পর একাধিক কারণে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। নিহতের স্বামী তাকে কয়েকবার মারধর করে বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর ধারণা, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিহত সাজেদা বেগম প্রথমে মেয়ে জান্নাতুল মাওয়া জেসী (৫)কে বিষপান করায়, তারপর নিজে বিষপান করে। একপর্যায়ে তারা মা-মেয়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা ও বাড়ির লোকজন তাদেরকে হাসপাতালে নেয়ার পথে গৃহবধূ সাজেদা বেগম পথে মারা যায়। গুরুত্বর অসুস্থ অবস্থায় শিশু জেসীকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকেও মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় চেয়ারম্যান মা-মেয়ের আত্মহত্যার বিষয়টি আমাকে অবহিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।