মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় বাংলা নববর্ষ-১৪২৯ খ্রিঃ (১লা বৈশাখ) উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় সকল শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুবিদখালী হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়। এটির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস।
পরে বিকাল ৩ ঘটিকায় উপজেলার পায়রা নদীর তীরবর্তী পূর্ব সুবিদখালী সংলগ্ন দত্তের চরে স্থানীয় বৃদ্ধ ও যুবকদের অংশগ্রহণে বাঙলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্দা খেলা, রশি টানাটানি, হাঁড়ি ভাঙা ও ঘোড়ারদৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ইউএনও মোসাঃ তানিয়া ফেরদৌস’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাচিনা বেগম, থানার ওসি মোঃ আনোয়ার হোসেন তালুকদার ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরাফাত হোসেন প্রমুখ।
এছাড়াও গতকাল বিকালে উপজেলা সদরের সুবিদখালী হাই স্কুল মাঠে লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যা আগামীকাল শনিবার সন্ধ্যায় শেষ হওয়ার কথা রয়েছে।