নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে ক্যান্সার রোগী সেজে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এর সাথে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে প্রতারক বাবা-ছেলেকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলো সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চকিদার বাড়ির মৃত বশির উল্ল্যাহর ছেলে মোঃ গিয়াস উদ্দিন (৪৭) ও তার ছেলে মোঃ ওমর ফারুক (১৭)। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে এ ঘটনা ঘটে।
নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, প্রতারক ব্যক্তিরা সম্পর্কে বাবা-ছেলে। কয়েক দিন আগে তারা নোয়াখালীর সমাজ সেবা অধিদপ্তরের ভূয়া সনদে ক্যান্সার রোগী সেজে ৫০ হাজার টাকার অর্থসহায়তার আবেদন দেয়। আবেদন যাচাই বাছাইকালে তারা সত্য গোপন করে। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা আমার কাছে প্রতারণার কথা স্বীকার করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম জানান, অভিযুক্তদের থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় জেলা সমাজ সেবা কার্যালয় থেকে লিখিত অভিযোগ দায়ের করার প্রস্ততি চলছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।