মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে আগুনে দোকান ও দুটি অটোরিক্সা পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার ( ২৬ এপ্রিল) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুযা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, ঘটনার দিন বিকালে দোকানের পাশের রুমে স্থানীয় বাসিন্দা চাঁনমিয়া ও হেলাল তাদের অটোরিক্সা চার্জে রেখে নিজ নিজ বাড়িতে যায়। এরপর প্রতিদিনের ন্যায় মা স্টোর নামের দোকান মালিক মো: রবিউল ইসলামও তার দোকান বন্ধ করে রাত নয়টায় বাড়িতে চলে যায়। এরপর রাত ২ টার দিকে হঠাৎ দোকানে ও পাশের অটোরিক্সা থাকে রুমে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। পরে মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে আগুনে অটোরিক্সা দুটি এবং দোকানের ভিতরে থাকা টিভি-ফ্রিজসহ সকল মালামাল পুড়ে যায়।
মা স্টোরের মালিক রবিউল ইসলাম বলেন, আমার পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল দোকানটি পুড়ে যাওয়ায় আমি এখন নিঃস্ব। আমার প্রায় ৪ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। আমি সরকারের কাছে সাহায্যের দাবি জানাই।
রিক্সাচালক চান মিয়া ও হেলাল বলেন, আমরা অটো চালিয়ে সংসার চালাই। এখন শেষ সম্বল তাও পুড়ে গেল। এখন বউ-বাচ্চা নিয়ে কি খাবো আর কি করবো ভেবে পাচ্ছিনা।
মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যাররহাউজ
ইন্সপেক্টর মোঃ ফারুক হোসেন হাওলাদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।#