• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে নির্মানসামগ্রী রেখে আ’লীগ নেতার ঈদগাহ মাঠ দখল: ঈদের নামাজ অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২২, ১৭:৩৩ অপরাহ্ণ
বেতাগীতে নির্মানসামগ্রী রেখে আ’লীগ নেতার ঈদগাহ মাঠ দখল: ঈদের নামাজ অনিশ্চিত

বেতাগী উপজেলা প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীতে নির্মাণসামগ্রী রেখে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা উপজেলা কেন্দ্রিয় ঈদগাহ মাঠ দখল করেছেন। যার ফলে অনিশ্চিয়তার মধ্যে ঈদুল ফিতরের নামাজ পড়া নিয়ে স্থানীয় মুসুল্লিরা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে প্রশাসন বলছেন ঈদের নামজ অনুষ্ঠিত হওয়ার আগেই নির্মানসামগ্রী অন্যত্র সরানো হবে।
‘টানা ২০ বছর ধরে এই ঈদগাহ ময়দানে নামাজ পড়ছি। প্রতি বছর হাজার মানুষ নামাজে অংশ নিলেও এবার নিজ এলাকার স্ব স্ব মসজিদে নামাজ পড়তে হবে। স্থানীয় এক আ’লীগ নেতা প্রফেসর হুমায়ন কবিরের ব্যক্তিগত কাজে ব্যবহৃত নির্মানসামগ্রী রেখে ঈদগাহ মাঠ দখল করে রাখার কারনে এই প্রথম ঈদগাহ ময়দানে নামাজ হবে না। এটা মেনে নেওয়া খুবই কষ্টকর। এভাবেই ক্ষোভ প্রকাশ করেন বরগুনার বেতাগী উপজেলা কেন্দ্রীয় মসজিদ এলাকার বাসিন্দা ও ওই মসজিদের মুসুল্লি মোতালেব মিয়া।’

জানা যায়,গত একমাস ভবন নির্মানের জন্য বেতাগী উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রফেসর মো.হুমায়ন কবির ব্যক্তিগত কাজে ব্যাবহৃত নির্মানসামগ্রী রেখে বেতাগী উপজেলার কেন্দ্রিয় ঈদগাহ মাঠ দখল করে রেখেছেন। উপজেলা জামে মসজিদে কর্তৃপক্ষ বারবার বলা সত্যেও কোন কর্ণপাত করেননি ওই আওয়ামীলীগের নেতা।তবে স্থানীয় পৌরমেয়র ও বেতাগী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ঈদগাহ মাঠ পরিদর্শন করে কোন ব্যবস্থা না করতে পেরে স্থানীয় স্ব স্ব জামে মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য নির্দেশনা দিয়েছেন বলে জানান বেতাগী উপজেলা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আবদুল হাই নেছারী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি থেকে নব্য আওয়ামী লীগে যোগ দেওয়ার পর থেকেই তিনি এলাকায় যখন যা ইচ্ছে তাই করে। তার বিরুদ্ধে কথা বলতে হিমশিম খেতে হয় সাধারণ মানুষের । উপজেলা গুদাম ঘর থেকে চাল-গম পাচারেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । যার ফলে এলাকায় গম কবির নামে পরিচিত ওই আওয়ামীলীগ নেতা। কেউ কেউ বলছেন স্থানীয় এমপির ঘনিষ্ঠ হওয়ায় কেউ তার বিরুদ্ধে কথা বলে না।

সরেজমিনে দেখা যায়, পুরো ঈদগাহ ময়দানে ইট এবং বালু। সামান্য জায়গা ফাঁকা নেই। মাঠের উত্তর-পশ্চিম পাশে চলছে ব্যাক্তিগত বাড়ির কাজ। শ্রমিকরা ব্যাস্ত সময় পার করছেন সিমেন্ট-বালু মেশাতে। মাঠের পশ্চিম দিকে খোলা মাঠ সম্পুর্ন ফাঁকা দেখা যায়। ঈদগাহ ময়দান দখল করে কেন কাজ করা হচ্ছে এমন প্রশ্ন করলে কর্মরত শ্রমিকরা বলেন ” আমাগো এই জায়গায় কাজ করতে বলছে স্যারে তাই আমরা করতেছি”।

উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল হাই নেছারী বলেন ” করোনাকালিন শেষে এবার নামাজ আদায় করার ইচ্ছা থাকলেও মাঠ ইট-বালুতে আটকা থাকায় নিজেদের মসজিদে নামাজ আদায় করতে হবে”
এই বিষয়ে প্রফেসর কবিরের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান “দীর্ঘ সময় ধরে অসংরক্ষিত থাকায় আমি কিছু ইট-বালু রেখেছি। অল্প সময়ের ভিতর কীভাবে মাঠ খালি করব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন বলেন ইতোমধ্যে আমি বিষয়টি জানতে পেরেছি। দ্রুত ঈদগাহ মাঠ পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।