স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে। এছাড়া জেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জানাগেছে, সকাল ৮ টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান এ জামাতের ইমামতি করবেন মাওলানা হাফিজুর রহমান। প্রধান ঈদের জামাতকে কেন্দ্র করে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি শেষ করে পৌর কর্তৃপক্ষ।
ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায় থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে সকাল ৯ টায়।
তবে, আবহাওয়া প্রতিকূলে থাকলে প্রধান জামাত কেন্দ্রীয় কোর্ট মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এ ছাড়া পুলিশ লাইন মাঠে আরো একটি জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া আধা ঘন্টা পরপর বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে সুবিধামত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিকে জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। #