• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের আলোচিত রনি হত্যা মামলার আসামী হাত কাটা মামুনসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১, ২০২২, ০৯:০৫ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জের আলোচিত রনি হত্যা মামলার আসামী হাত কাটা মামুনসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে চাঞ্চল্যকর রবিউল ইসলাম রনি মোল্লা হত্যা মামলার প্রধান আসামি জহিরুল ইসলাম মামুন ওরফে হাত কাটা মামুন ওরফে মামুন মেম্বার ও তার সহযোগী আসামি আফদু হাওলাদার ওরফে আবদুর রবকে নারায়নগঞ্জের রুপগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে বরিশাল র‍্যাব-৮।

রবিবার (১মে) বেলা ১২ টায় বরিশাল নগরীর রুপাতলিতে র‍্যাব -৮ এর সদর দপ্তরে প্রেস ব্রিফিং করেন অধিনায়ক জামিল হাসান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর উপ পরিচালক মেজর জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অভিযানিক দল শনিবার (৩০ এপ্রিল) ভোর রাতে নারায়নগঞ্জের রূপগঞ্জে অভিযান চালায়। এসময় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের চাঞ্চল্যকর রবিউল ইসলাম রনি মোল্লা হত্যা মামলার আসামি হাত কাটা মামুন ও তার সহযোগী আবদুর রবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুনের বিরুদ্ধে অন্তত ২২ টি মামলা রয়েছে। এছাড়া আবদুর রবের বিরুদ্ধে ২ টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে জমি দখল, চাদাবাজী ও বালু উত্তোলনসহ একাধিক অভিযোগ রয়েছে বলে প্রেস ব্রিফিং এ জানান অধিনায়ক এডিশনাল ডিআইজি জামিল হাসান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরিশাল র‍্যাব-৮ এর উপ পরিচালক মেজর জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নের সোনাপুরা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রনি মোল্লাকে মেম্বার মামুন কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনার নিহতের বাবা ইয়াছিন মোল্লা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।