মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে ধানক্ষেতের বেষ্টনীর সাথে অবৈধ বৈদ্যুতিক লাইনের তারে (গুনায়) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম মোস্তফা হাওলাদার (৫৫) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার উত্তর মির্জাগঞ্জ গ্রামের কাদের মুসুল্লির ছেলে এবং সে দীর্ঘদিন যাবৎ মির্জাগঞ্জ ইয়ার উদ্দিন খলিফা সাহেব (রঃ) এর দরবার শরীফে ভিক্ষা করতেন।
শনিবার (৭ মে) রাত সাড়ে ৮ টায় উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর প্বার্শে এ দুর্ঘটনা ঘটে।
একই গ্রামের মৃত আফতাব খন্দকারের ছেলে ও বেতাগী দারুল উলুম মহিলা আলিম মাদ্রাসার ভাইস-প্রিন্সিপ্যাল নুরুল ইসলাম খন্দকার (৫২) তার নিজ ইরি ধানের ক্ষেতে টানা অবৈধ বৈদ্যুতিক সংযোগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান ওই ভিক্ষুক।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘটনার তীব্র নিন্দা জানান। সেইসাথে অবৈধ বিদ্যুৎ সংযোগকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তারা।
এ ঘটনায় রবিবার (৮ মে) সকালে নিহতের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে অবৈধ বৈদ্যুতিক লাইন সংযোগকারী ও ধান ক্ষেতের মালিক নুরুল ইসলাম খন্দকারকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপরই অভিযানে নামে পুলিশ। বেলা ১২ টায় পার্শ্ববর্তী উপজেলার বেতাগী বাস স্ট্যান্ড মসজিদের সামনে থেকে মামলার প্রধান আসামি নুরুল ইসলামকে গ্রেফতার করে মির্জাগঞ্জ থানা পুলিশ।
মামলার এজাহার ও স্থানীয় সুত্রে জানাযায়, উত্তর মির্জাগঞ্জ গ্রামের নুরুল ইসলাম খন্দকার তার নিজ ইরি ধানের ক্ষেতের চারপাশে বাঁশ ও কাঠের বেষ্টনীর সাথে চিকন গুনার মাধ্যমে বিদ্যুতায়িত করে রাখেন। শনিবার সন্ধ্যার পরে মোস্তফা হাওলাদার মির্জাগঞ্জ মাজারে ভিক্ষা শেষে ওই বেষ্টনীর পাশ দিয়ে বাড়ি যাচ্ছিলেন। এসময় হঠাৎ ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পথচারীরা দেখতে পেয়ে নিহতের বাড়ি খবর দিলে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে মির্জাগঞ্জ থানায় নিয়ে যান।
মির্জাগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম মোঃ মেহেদী হাসান বলেন, ক্ষেতের চারপাশ বিদ্যুতায়িত করে রেখেছে তা বিদ্যুৎ অফিসের লোকজন আগে জানতেন না। জানার পরে তার অবৈধ সংযোগটি কেটে দেওয়া হয়েছে।
মির্জাগঞ্জ থানার ওসি মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে এবং এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
##