তারিখঃ ৯ মে ২০২২
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গালাচিপায় ঘূর্ণিঝড় অশনির প্রভাবে দিনভর বৃষ্টির ফলে ফসলের ব্যাপক ক্ষতির আশংকায় কৃষকরা। সোমবার (৯ মে) সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আগামী ৫ দিন পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পটুয়াখালী আবহাওয়া অফিস। গতকাল সারা দিন ভ্যাপসা গরম থাকলেও আজ সকাল থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ায় ব্যাপক চিন্তার মধ্যে আছেন কৃষকরা। এতে কৃষকেরা রবি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফসলের মাঠগুলোতে মুগ ডাল, আলু, মরিচ, চীনাবাদাম ও বোরো ধান রয়েছে। এর মধ্যে মাঠে থাকা ৮০ ভাগ ধান কাটার উপযোগী হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া চৌদ্দকানি গ্রামেরর কৃষক মো. আমির হোসেন জানান, এ বছর ১০ শতক জমিতে চীনাবাদাম আবাদ করেছি। তবে সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় সব শেষ হয়ে যাবে মনে হচ্ছে। তবে বৃষ্টি বাড়লে ক্ষতির পরিমাণ আরো বেড়ে যাবে। এছাড়া পানি বাড়তে থাকায় বিভিন্ন পুকুর ও মাছের ঘের তলিয়ে যাওয়ার আশংকা করা হচ্ছে। এতে ব্যাপক ক্ষতি হবে বলে জানা যায়। ফলে মৎস্য চাষীরা আরো ঋণী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।