,
বরিশাল : বরিশাল মেরিন ওয়ার্কসপ মাঠ থেকে ৭ শতাংশ জমি লিজ দেওয়ার কথা বলে ১০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বরিশাল বিআইডাব্লিউটিএর নিন্মমান সহকারী/কম্পিউটার অপারেটর এবং শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনকে ১ বছরের কারাদন্ড প্রদান করেছে আদালত। পাশাপাশি ১০ লক্ষা টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ মে) বরিশাল ৩য় যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ শিবলী নোমান খান এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ-সহকারী মোঃ রাসেল সিকদার।
মামলা সূত্রে জানা গেছে, বরিশাল মেরিন ওয়ার্কসপ মাঠ থেকে ৭ শতাংশ জমি লিজ দেওয়ার কথা বলে আসামী মোঃ জাকির হোসেন নগরীর বান্দ রোডস্থ সিরাজ মল্লিকের ছেলে রুবেলের কাছ থেকে ২০১৮ সালের ১০ নভেম্বর ১০ লক্ষ টাকা গ্রহণ করেন।
এরপর ওই জমি লিজ এনে দিতে না পেরে টাকা ফেরত দিতে টালবাহানা শুরু করেন। ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর পূবালী ব্যাংক হাসপাতাল রোড শাখার অনুকুলে ১০ লক্ষ টাকার একটি চেক মামলার বাদী রুবেলকে প্রদান করেন। একই বছর ৪ অক্টোবর চেকটি পর্যাপ্ত পরিমান টাকা না থাকায় ডিজঅনার হয়।
বিষয়টি অবহতি করে আসামী জাকির হোসেনকে ওই বছর ২৮ অক্টোবর লিগ্যাল নোটিশ দেওয়া হয়। নোটিশ দেওয়ার পরেও আসামী টাকা ফেরত না দেওয়ায় ২০২১ সালে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে রুবেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এ ব্যাপারে বন্দর কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে রায় প্রকাশিত হলে সরকারি বিধান অনুযায়ী চাকরি থেকে চূরান্ত বরখাস্ত (চাকরি হারাবেন) হবেন।
এদিকে জাকির হোসেনের মতো বিআইডাব্লিউটিএ’র অনেক কর্মকর্তা-কর্মচারী রয়েছেন যারা বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা নিয়েছেন। অথচ কোন ডকুমেন্ট দেয়নি। চাঁদমারী খেয়াঘাট থেকে শুরু করে নগরীর পোর্ট রোড পর্যন্ত বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা ও মাসোয়ারা তোলেন তারা। লঞ্চঘাটা, চরকাউয়া খেয়াঘাট, কাঁচাবাজারে ব্যাপক হারে চাঁদাবাজী করেন তারা। এছাড়া লঞ্চঘাটে গাড়ি পার্কিং এর জন্যও দিতে হয় চাঁদা। বিষয়টি সম্পর্কে উধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আর্কষণ করেছেন ভুক্তভোগীরা।