• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১২, ২০২২, ১৩:৫৩ অপরাহ্ণ
রংপুরে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে মামলা

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল (৪১) ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন(৩৬) দুজনের বিরুদ্ধে রংপুরের আদালতে একটি মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে নগরীর থানা রোড-২ এর বাসিন্দা অমিত বনিক নামে এক ব্যবসায়ী বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, বিভিন্ন লোভনীয় অফারে টিভি, সিসি ক্যামেরা, ওয়াশিং মেশিন, কম্পিউটার মনিটর, গ্যাসের চুলাসহ নানা রকম পণ্য সরবরাহের কথা বলে ২০২০ সালের ৫ ডিসেম্বর হতে পরবর্তী সময়ে তিন‌ দফায় ২০ লাখ ‌৪৬হাজার ৯৮৫ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে মামলায়।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী এডভোকেট সিপন সাহা জানান, ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহ করার কথা থাকলেও তা করেনি আসামিরা। এ ঘটনায় টাকা লেনদেনের উপযুক্ত প্রমাণাদিসহ আদালতে মামলা দায়ের করা হয়।

আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এফ.এম আহসানুল হক শুনানি শেষে ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মামলার বাদী ব্যবসায়ী অমিত বণিক বলেন, ইভ্যালির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে তিনি ২০ লাখ ৪৬ হাজার ৯৮৫ টাকার পণ্য অর্ডার করেও নির্ধারিত সময়ের মধ্যে তা পাননি। পরে কোনো উপায় না পেয়ে মামলা করেছেন।

অমিত বণিক আরও জানান, ইভ্যালির মতো কিউকম লিমিটেড নামে একটি অনলাইন শপের চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ১১ লাখ ৫৫হাজার ২১৪ টাকার পণ্য অর্ডার করে তা না পাওয়ায় একই আদালতে কিউকম লিমিটেড এর সিইও রিপন মিয়া ও চীফ ডেলিভারি অফিসার তানোয়ার চৌধুরীর নামেও মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে কিউকম লিমিটেড এর সিইও ও ডেলিভারি অফিসারের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।