রিয়াজুল হক সাগর ,রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরের বদরগঞ্জে বনবিভাগের ট্রলিভর্তি চোরাই কাঠ আটকের ৩দিন পর থানায় পৃথক দুটি অভিযোগ হয়েছে। রবিবার ১৫মে অভিযোগ দুটি দায়ের করেন সংশ্লিষ্ট লোহানীপাড়া বিট কর্মকর্তা মোর্শেদ আলম ও প্রেসক্লাব বদরগঞ্জ এর যুগ্ন সাধারণ সম্পাদক ও চ্যানেল এস এর বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক আজমল হক আদিল।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বনবিভাগ খ্যাত লোহানীপাড়া ইউনিয়নের মন্ডলেরহাট মহল্লার কাঠ ব্যবসায়ী সাহাবুল ইসলাম দীর্ঘদিন ধরে গাছ চোরদের লেলিয়ে দিয়ে বনবিভাগের নানা প্রজাতের মুল্যবান গাছ চুরি করে আসছেন। বনবিভাগের দায়িত্বে থাকা লোকজন বনের গাছ চুরির বিষয়টি জানার পরেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়ার সাহস পায়না। যার ফলে তিনি বেপরোয়াভাবে গাছ চুরি করে গত দেড় বছরে প্রায় কোটি টাকার মালিক বনে গেছেন। এদিকে গত বৃহস্পতিবার (১২মে) রাতে তিনি ট্রলিতে করে ৪৩ পিচ (বড় সাইজের) আকাশমনির চোরাই কাঠ পাচার করে পৌরশহরে নিয়ে যাওয়ার পথে কাঁচাবাড়ী এলাকায় পৌছিলে স্থানীয় জনগন চোরাই কাঠের ট্রলি আটক করে পুলিশ এবং সাংবাদিকদের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ট্রলিভর্তি কাঠ থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের সাথে কাঠ ব্যবসায়ীদের বাকবিতন্ডা হয়। অপরদিকে চোরাই কাঠ আটকের ব্যাপারে সাংবাদিক আজমল হক পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগীতা করেছে মর্মে কাঠ ব্যবসায়ী সাহাবুল ইসলাম ও চোরাই কাঠ ক্রেতা পৌরশহরের আতাহার আলী ওরফে আতা ও আক্তারুজ্জামান ওই সাংবাদিককে দফায় দফায় প্রাণনাশের হুমকী দিয়েছেন। তাই তিনি জীবনের নিরাপত্তা চেয়ে থানা পুলিশের স্বরনাপন্ন হয়েছেন।
এ বিষয়ে বদরগঞ্জ থানার এসআই জিয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা স্থানীয় জনসাধারনের সহযোগীতায় চোরাই কাঠ আটক করতে সক্ষম হয়েছি।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, যেহেতু আটককৃত আকাশমনি গাছের মালিক বনবিভাগ তাই লোহানীপাড়া বিটকর্মকর্তা মোর্শেদ আলম চোরাই কাঠের ব্যপারে একটি অভিযোগ করেছেন। এছাড়াও কাঠ ব্যবসায়ী কর্তৃক সাংবাদিক আজমল হককে হুমকী প্রদান করায় তিনিও একটি অভিযোগ করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।