মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে এবং দেশব্যাপি ছাত্রদলের নৈরাজ্যের বিরুদ্ধে পটুয়াখালীর মির্জাগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মির্জাগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
রবিবার (২৯ মে) সকাল ১১ টায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব মৃধার নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুবিদখালী স্টিল ব্রিজ সংলগ্ন সমাবেশ করেন নেতাকর্মীরা।
এসময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম রেজা, ইলিয়াস হোসেন, দপ্তর সম্পাদক আব্দুর রহিম সজল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাগ জোমাদ্দার, দেউলী সুবিদখালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আদনান হোসেন শাওন, মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইমরান বাহাদুর ও সুবিদখালী সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাঈম মৃধাসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিব মৃধা তার বক্তব্যে বলেন, ছাত্রলীগ স্বাধীনতাবিরোধী সকল অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে সর্বদা প্রস্তুত আছে। ছাত্রদলের সন্ত্রাসীরা সারা বাংলাদেশে শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করছে। মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগ উপজেলার প্রতিটি শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যেকোনো পদক্ষেপ নিতে সর্বদা প্রস্তুত। এছাড়া ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের নেত্রীকে নিয়ে যে কটূক্তি করেছে এজন্য তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তাদের বক্তব্যের উত্তম জবাব দেওয়া হবে।