• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ পালালো ধর্ষণ মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩১, ২০২২, ১৪:১২ অপরাহ্ণ
পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ পালালো ধর্ষণ মামলার আসামি

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ সামিউল ইসলাম (৩৮) নামে একটি ধর্ষণ ও অপহরণ মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ মে) বিকেল সাড়ে ৪টায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) মো. তৌহিদুল ইসলাম। আসামি সামিউল ইসলামের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল হালিমের ছেলে।

পুলিশ সুপার জানান, সম্প্রতি গোবিন্দগঞ্জ থানায় সামিউলের বিরুদ্ধে তার শালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে তার শ্বশুর একটি মামলা দায়ের করেন। সেই মামলায় সামিউলকে গ্রেফতারসহ তার অপহৃত শালিকাকে সোমবার রাতে চাঁদপুর থেকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল উদ্ধার করে।

এরপর, মঙ্গলবার সকালে পুলিশ ভ্যানে করে সামিউল ও তার শালিকাকে গোবিন্দগঞ্জ থানায় নেয়া হয়। এ সময় পুলিশ ভ্যান থেকে নামার সময় হাতকড়াসহ সামিউল ইসলাম দৌঁড়ে পালিয়ে যায়।

পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, পলাতক সামিউলকে ধরতে অভিযান চলছে। এছাড়া তার বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।