• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ৭২ ঘন্টায় মূল আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩১, ২০২২, ১৪:০৪ অপরাহ্ণ
রংপুরে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ৭২ ঘন্টায় মূল   আসামী গ্রেফতার

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছায় বাড়ি থেকে ডেকে নিয়ে ধান-চাল ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৪৫)কে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত ফারুক মিয়াকে গ্রেফতার করেছে।
মোবাইল ফোনের সূত্র ধরে হত্যার ৭২ ঘন্টার মধ্যে মঙ্গলবার সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার প্রাথমিক স্বীকারোক্তিতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি চাকু পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। রংপুর জেলা সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মো. আশরাফুল আলম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পীরগাছা থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ৭২ ঘণ্টা পর দেলোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামি ফারুক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যাকান্ডের জড়িত থাকার তথ্য দিলে পুলিশ ঘটনাস্থলের কিছুদূরে একটি পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করেছে। গ্রেফতারকৃত ফারুক মিয়া প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করায় তাকে আদালতে পাঠানো হয়েছে। সেখানে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলে পরবর্তিতে রিমান্ডের আবেদন করা হবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
জানাগেছে,শুক্রবার রাত সাড়ে দশটার দিকে দেলোয়ারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান পাশের বাড়ির মৃত আব্দুস সামাদের ছেলে ফারুক মিয়া । এরপর বাড়ির পাশে রেললাইনের ধারে আগে ওঁৎ পেতে থাকা কয়েকজন মিলে দেলোয়ারকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। এসময় দেলোয়ার চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে দেলোয়ারকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই রাতেই পীরগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ফারুকের ছোট ভাই সবুজ মিয়া (৩৫), শফিকুল ইসলাম (৪০) ও রনজু মিয়া (৩০) নামে ৩ জনকে গ্রেফতার করে। হত্যার ঘটনায় এপর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
পীরগাছা বাজারের একটি দোকানের জায়গা নিয়ে ফারুক মিয়ার সাথে দ্বন্দ্ব ছিল। এঘটনায় শনিবার সন্ধ্যায় নিহতের স্ত্রী আনোয়ারা বেগম বাদি হয়ে ফারুকের নাম উল্লেখসহ ৭/৮ জনকে অজ্ঞাত আসামী করে পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।