নলছিটি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটিতে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই মেশকাত হাসান (২৩) কে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে বড় ভাই মেহেদী হাসান (৩২) । রোববার (৫ জুন) সকালে উপজেলার টিএনটি রোডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, উপজেলা শহরের টিএনটি রোডের মৃত্যু আমীর আলী তালুকদারের মেজো ছেলে ও ছোট ছেলের মধ্যে পারিবারিক নানা বিষয়ে কলহ হয়। এরই জের ধরে ছোট ভাইকে কুপিয়ে ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে ।পরে বড় ভাই রুহুল আমীন উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মেশকাত মারা যায় ।
এদিকে সকাল ৭টার দিকে থানায় উপস্থিত হয়ে ছোট ভাইকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেন মেহেদী হাসান।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,ঘটনাস্থল ও বরিশাল শেরে বাংলা হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।