স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালো আরো এক মেয়র প্রার্থী। তিনি মেয়র প্রার্থী রেজাউল হক সিকদার রাজু। তিনি চামচ প্রতিক নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।
আজ শুক্রবার (১০ জুন) বিকালে মেয়র প্রার্থী রেজাউল হক সিকদার রাজু তাঁর নিজ বাসভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অপর মেয়র প্রার্থী শেখ রকির হোসেনকে সমর্থন দিয়ে সরে যাওয়ার ঘোষনা দেন।
সংবাদ সম্মেলনে রেজাউল হক সিকদার রাজু বলেন, “জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে চায়ের দাওয়ায় দিয়েছিলেন। কিন্তু অসুস্থ থাকায় আমি যেতে পারিনি। তারপরেও প্রধানমন্ত্রী আমাকে ভিডিও কল করেন। সেখানে আমিসহ আমার পরিবারের সকল সদস্যের খোঁজ কবর নেন।”
তিনি আরো বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চাচা মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে দেখে রাখতে বলেন। ফলে প্রধানমন্ত্রীর সম্মান রক্ষার্থে পৌর নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম এবং দলীয় প্রার্থী হিসাবে মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দিলাম। আমি আমার সমর্থকদের শেখ হাসিনার সমর্থিত প্রার্থী শেখ রকিব হোসনকে ভোট দেয়ার আহবান জানাই।”
এসময় প্রধানমন্ত্রীর চাচা শেখ নাদির হোসেন লিপু, দলীয় মেয়র প্রার্থী শেখ রকিব হোসেন, সমর্থন দিয়ে ছেড়ে দেয়া মেয়র প্রার্থী মৃনাল কান্তি রায় চৌধুরী পপা, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলম বদর, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী সিকদার চুন্নুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গোপালগঞ্জ পৌর নির্বাচন থেকে মেয়র প্রার্থী মৃনাল কান্তি রায় চৌধুরী পপা এবং জি.এম সাহাব উদ্দিন আজম প্রধানমন্ত্রীর সমর্থিত প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
ফলে নির্বাচনে অংশ নেয়া ১০ জন মেয়র প্রার্থীর মধ্য ৩জন সরে দাঁড়ানোয় এখন ৭ প্রার্থী নির্বাচনী মাঠে প্রচারনায় রয়েছেন। উল্লেখ্য, আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। #