• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মির্জাগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১০, ২০২২, ১৩:১৭ অপরাহ্ণ
মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মির্জাগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ঃ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লি ইউনাইটেডের প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তার প্রিয় সহধর্মিনী আয়শা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে কটুক্তি ও অবমাননার প্রতিবাদে পটুয়াখালীর মির্জাগঞ্জের বিভিন্ন স্থানে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। সেই সাথে ওই কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিও জানিয়েছেন বিক্ষোভকারীরা।

শুক্রবার (১০ জুন) সকাল ১১ টায় উপজেলার মাধবখালী ইউনিয়নের চৈতা বাজারে এবং জুমার নামাজ আদায় শেষে উপজেলা সদর সুবিদখালী ও মজিদবাড়িয়া ইউনিয়নের ভয়াং বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জুম্মার নামাজ শেষে সুবিদখালী কেন্দ্রীয় জামে মসজিদসহ পার্শ্ববর্তী সাতটি মসজিদের মুসল্লিদের অংশগ্রহনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজরোড বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ করেন মুসল্লিরা। এ সময় ‘বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান’, ‘নুপুর শর্মার দুই গালে, জুতা মারো তালে তালে’ ইত্যাদি স্লোগান দেন মুসুল্লি।

সমাবেশে বক্তব্য দেন, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ ওবায়দুল্লাহ ও কোর্ট মসজিদের ইমাম মাওলানা রমজান আলী প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবী কুমার জিন্দাল যে মন্তব্য করেছেন তা ন্যক্কারজনক। বিশ্বনবীকে নিয়ে কটূক্তি কোনোভাবে বরদাশত করা হবে না। আমরা বিজেপির ওই দুই নেতাসহ যারা এর সাথে জড়িত তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।.