• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ পৌর নির্বাচনে থেকে সরলেন আরো এক মেয়র প্রার্থী, বাকী রইলো-৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১১, ২০২২, ০৩:৫৭ পূর্বাহ্ণ
গোপালগঞ্জ পৌর নির্বাচনে থেকে সরলেন আরো এক মেয়র প্রার্থী, বাকী রইলো-৬

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরো এক মেয়র প্রার্থী দিলীপ কুমার সাহা দিপু। তিনি কম্পিউটার প্রতীক নিয়ে মেয়র নির্বাচনে প্রচারনা চালাচ্ছিলেন। এ নিয়ে ১০ জন মেয়র প্রার্থীর মধ্য ৪ জন প্রার্থী সরে দাঁড়ানোয় এখন ৬ প্রার্থী নির্বাচনী মাঠে প্রচারনায় থাকলো।

শুক্রবার (১০ জুর) রাতে শহরের সিকদারপাড়ার নিজ বাসায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অপর মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়ে তিনি সরে দাঁড়ান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে নির্বাচনে সমর্থন দিয়েছেন। প্রধানমন্ত্রীর সম্মানার্থে ও আমার বাল্য বন্ধু হওয়ায় শেখ রকির হোসেনকে সমর্থন দিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। এখন থেকে আমি শেখ রকিবের পক্ষে কাজ করবো এবং আমার কর্মী সমর্থকদের তার পক্ষে কাজ করার জন্য আহবান জানাচ্ছি।”

এসময় মেয়র প্রার্থী শেখ রকিব হোসেন, প্রধানমন্ত্রীর এ্যাসাইনমেন্ট অফিসার শেখ হাফিজুর রহমান লিকু, সম্মলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক গাজী মোস্তাফিজুর রহমান দীপু, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক কালাচাঁদ সাহা উপস্থিত ছিলেন।

এর আগে গোপালগঞ্জ পৌর নির্বাচন থেকে মেয়র প্রার্থী মৃনাল কান্তি রায় চৌধুরী পপা, জি.এম সাহাব উদ্দিন আজম ও রেজাউল হক সিকদার রাজু প্রধানমন্ত্রীর সমর্থিত প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফলে নির্বাচনে অংশ নেয়া ১০ জন মেয়র প্রার্থীর মধ্য ৪ জন সরে দাঁড়ানোয় এখন ৬ প্রার্থী নির্বাচনী মাঠে প্রচারনায় রয়েছেন। উল্লেখ্য, আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। #