স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : মহানবী হযরত মুহাম্মদ(সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতার কটূক্তির প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গওহরডাঙ্গা মাদ্রাসার উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়। এতে খাদেমুল ইসলাম ছাত্র শাখা, কোট মসজিদ মাদরাসা, গোপালগঞ্জ, দারুল উলূম জয়পাশা মাদরাসা, বোয়ালমারী ফরিদপুরসহ বিভিন্ন ইসলামি সংগঠন একাত্মতা প্রকাশ করে।
আজ রবিবার (১২ জুন) সকালে জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মুসল্লীরা মিছিল সহকারে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে পড়ো হয়। পরে সেখানে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বড় বাজার এলাকা থেকে পাঁচুড়িয়া পর্যন্ত দুই কিলোমিটার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ কর্মসূচীতে হাজার হাজার মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন। সাধারন মুসর্লীরাও এতে যোগ দেন। এসময় কুশপুত্তলিকা দাহ করা হয়।
মানববন্ধন চলাকালে মাওলানা উসামা আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মাওলানা ফরিদ আহম্মেদ, মাওলানা জিন্নাত আলি, মুফতি মোঃ মঈন উদ্দিন, মুফতি হাফিজুর রহমান, মুফতি নুরুল ইসলাম, মুফতি মহিবুল ইসলাম, মাওঃ গাউসুর রহমানসহ ৩০ থেকে ৪০ জন মুসল্লী বক্তব্য রাখেন।
বক্তরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদ জানান এবং তাদের শাস্তির দাবী জানান। পাশাপাশি ভারতীয় পন্য বর্জনেরও দাবী জানান তারা। অনুরুপ কর্মসূচী জেলার অন্যান্য উপজেলা গুলোতেও অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, গতকাল শনিবার সন্ধ্যায় বাবু দাশ গুপ্ত (৪০) নামে এক ব্যাক্তি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করলে কোটালীপাড়া উপজেলা সদরে তার শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাবু দাশ গুপ্ত উপজেলার ডহর পাড়া গ্রামের শুনীল দাশ গুপ্তের ছেলে। এ ঘটনায় কোটালীপাড়া থানা পুলিশ বাবু দাশ গুপ্তের ভাই সুমান দাশ গুপ্তকে আটক করেছেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিল্লুর রহমান বলেন, কোটালীপাড়ার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য বাবু দাশ গুপ্তের ভাই সুমান দাশ গুপ্তকে আটক করেছি। #