• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১২, ২০২২, ০৭:৫৭ পূর্বাহ্ণ
সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটি গঠন

মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি

সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন শেষে নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু।

রোববার সকাল ৮টার দিকে গাইবান্ধা সার্কিট হাউজে কাউন্সিল অধিবেশনে উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এ কমিটি ঘোষনা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় সমন্বয়ক সাখাওয়াত হোসেন শফিক। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

শনিবার সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজ মাঠে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মিয়ার সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের সমন্বয়ক সাখাওয়াত হোসেন শফিক। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আ’লীগের সদস্য ও সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, সাবেক এমপি ও সদস্য এ্যাড. সফুরা বেগম রুমি, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মোস্তফা মুরাদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। এতে স্বাগত বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ উপজেলা আ’লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মিসেস আফরুজা বারী ও জেলা, উপজেলার নেতৃবৃন্দ।

সম্মেলনে সভাপতি পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছিলেন। তারা হলেন- প্রয়াত সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন ও উপজেলা আ.লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আফরুজা বারী, লিটনের স্ত্রী ও যুগ্ম-আহ্বায়ক সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, যুগ্ম-আহ্বায়ক উপাধ্যক্ষ আব্দুল হান্নান ও বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম রঞ্জু। অপরদিকে সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, যুগ্ন-আহবায়ক ও সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন-আহবায়ক ও দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, যুগ্ম-আহ্বায়ক সাজেদুল ইসলাম, আহসান আজিজ সরদার মিন্টু, মেহেদী মোস্তফা মাসুম।