• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ পৌর নির্বাচন থেকে সরলেন ৯ প্রার্থী, একমাত্র প্রার্থী রইলেন শেখ রকিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৪, ২০২২, ০৮:০৫ পূর্বাহ্ণ
গোপালগঞ্জ পৌর নির্বাচন থেকে সরলেন ৯ প্রার্থী, একমাত্র প্রার্থী রইলেন শেখ রকিব

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শেষ মেয়র প্রার্থী হিসাবে পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মো: দিদারুল ইসলাম। তিনি দলীয় প্রতীক হাতপাখা নিয়ে নির্বাচন করছিলেন।

ফলে গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে ১০ মেয়র প্রার্থীর মধ্যে ৯ জন প্রার্থীই নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় একমাত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে শেখ রকিব হোসেন রয়েছেন।

আজ সোমবার (১৩ জুন) রাতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষনা দেন দিদারুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ এ প্রার্থী হয়ে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করছিলাম। কিন্তু অপর মেয়র প্রার্থী শেখ রকিব হোসেন শেখ পরিবারের সন্তান। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সম্মানার্থে আমি পৌর নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম। সেই সাথে মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়ে তার প্রতীক নারিকেল গাছ মার্কায় ভোট দেয়ার জন্য আমার কর্মী সমর্থকদের প্রতি আহবান জানাচ্ছি।”

এসময় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলম বদরসহ কর্মী সমর্থকেরা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গোপালগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়ে অপর মেয়র প্রার্থী মৃনাল কান্তি রায় চৌধুরী পপা, জি.এম সাহাব উদ্দিন আজম, রেজাউল হক সিকদার রাজু, দীলিপ কুমার সাহা দীপু, মো: আবুল ফত্তাহ সজু, এস.এম নজুরল ইসলাম নুতন, কাজী লিয়াকত আলী লেকু ও মুশফিকুর রহমান লিটন নির্বাচন থেকে সরে দাঁড়ান।

ফলে নির্বাচনে অংশ নেয়া ১০ জন মেয়র প্রার্থীর মধ্য ৯ জন প্রার্থী সরে যাওয়ায় নির্বাচনী মাঠে এখন একমাত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন শেখ রকিব হোসেন।

উল্লেখ্য, আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। #