উমর ফারুক শাবুল, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামীকাল বুধবার (১৫ জুন) অনুষ্ঠিত হবে। বিজয় অর্জনের লক্ষ্যে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান, সংরক্ষিত সদস্যা ও সদস্যগণ। নির্বাচনকে কেন্দ্র করে হোটেল-রেস্তুরাসহ সরগরম সর্বত্র। ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে ইউনিয়নের হাট-বাজারসহ অলিগলি। সংরক্ষিত সদস্যা ও সদস্যগণ নিয়ে তেমন আলোচনা না হলেও কে হচ্ছেন আগামীর চেয়ারম্যান এ নিয়ে বিচার-বিশ্লেষণ করছেন ভোটাররা। তবে, ভোটাররা ভাবছে তিনজন প্রার্থীর মধ্যেই চলবে শক্ত লড়াই।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০২১ এর ২৬ ডিসেম্বর উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলেও মামলা সংক্রান্ত জটিলতার কারণে ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে জটিলতা নিস্পত্তি হওয়ার পর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে ৪জন চেয়ারম্যান, ৬৬জন সংরক্ষিত সদস্যা ও সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছন। চেয়ারম্যান ৪ প্রার্থীর মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত ১জন ও ৩জন স্বতন্ত্র।
চেয়ারম্যান প্রার্থীগণ হচ্ছেন, বর্তমান চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া (নৌকা), মোঃ আনোয়ার হোসেন (মটর সাইকেল), শেখ মোঃ মোয়াজ্জেম হোসেন (আনারস) ও ইত্তেহাদ হোসেন মুবিন (ঘোড়া)।
এ ইউনিয়নে মোট ভোটার হচ্ছেন, ১৯ হাজার ৫শ’ ১১জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৬শ’ ৭১ও মহিলা ভোটার হচ্ছেন ৯ হাজার ৮শ’ ৪০জন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিশ্চিত্র নিরাপত্তার মধ্যে দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয় থেকে ৩জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে।