উজিরপুর প্রতিনিধিঃ নামাজ পড়তে গেলাম আর চোর আমার ভ্যানগাড়িটা নিয়ে গেলো। কেমনে সুদের টাহা পরিশোধ করমু, ছেলে মেয়ে লইয়া খইতে কষ্ট হয়, আল্লাহ ওগো বিচার করবো” এভাবে একমাত্র আয়ের উৎস ভ্যানগাড়িটি হারিয়ে পাগলের ন্যায় বিলাপ করছেন উজিরপুর পৌরসভার ০৬ নং ওয়ার্ডের বাসিন্দা মানিক সিকদার। শুক্রবার (১ জুলাই) দুপুরে থানা মসজিদের সামনে ভ্যানগাড়ি রেখে জুম্মার নামাজ আদায় করতে যান তিনি । নামাজ শেষে ভ্যানগাড়িটি না দেখে হতাশ হয়ে না খেয়ে কান্না করতে করতে চারদিকে খোঁজ করেও সন্ধান মেলেনি ভ্যানগাড়িটির। নিরুপায় হয়ে ওই দিন সন্ধ্যায় উজিরপুর মডেল থানায় একটি জিডি করেন। অসহায় মানিক সিকদার ভ্যানগাড়িটি চড়া সুদে টাকা এনে তৈরি করেছিলো বলে জানান তিনি। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, আমার সব শেষ হয়ে গেলো নামাজ পড়তে গিয়ে। আল্লাহ ওগো বিচার করবে। ভ্যানডা চালাইয়া কোনরকম অভাবের সংসার চলতো। এহন কি হইবো আমাগো। আমনেরা কিছু একটা করেন। ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবুল সিকদার বলেন, মানিক সিকদার একজন হতদরিদ্র মানুষ। ভ্যান চালিয়ে কোন রকম সংসার চালাতো। এখন খুব অসহায় হয়ে পড়েছে পরিবারটি শেষ আয়ের উৎসটুকু হারিয়ে। দিনে দুপুরে থানার সামনে থেকে কিভাবে একটা ভ্যানগাড়ি চুরি হয় আমার বুঝে আসেনা। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) মমিন উদ্দিন জানান, একটি ভ্যানগাড়ি হারানোর সংবাদ শুনেছি। যতদ্রুত স্বম্ভব ভ্যানগাড়িটি উদ্ধার করার চেষ্টা করা হবে।