• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৩, ২০২২, ১০:২৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে যৌতুকের দাবীতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী সহিদুল মোল্লাকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।

আজ রবিবার (০৩ জুলাই) দুপুরে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো: হায়দার আলী খোন্দকার এ রায় দেন। রায় ঘোষনার সময় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী পালতক ছিল।

মামলার বিবরনে জানাগেছে, গোপালগঞ্জ সদর উপজেলার মোচড়া গ্রামের রাঙ্গা মোল্লার ছেলে সহিদুল মোল্লার সাথে একই গ্রামের মো: ছমির গাজীর মেয়ে লাভলী বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে সহিদুল মোল্লা লাভলী বেগমকে যৌতুক দাবীতে নির্যাতন করে আসছিলো।

২০১৪ সালের জুলাই মাসে পুনরায় যৌতুকের জন্য চাপ দিলে লাভলী বেগম ঢাকায় চলে যান ও গার্মেন্টসে চাকরী নেন। পরে সহিদুল লাভলীর পরিবারের হাতে পায়ে ধরে তাকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আনার কিছুদিন পর সহিদুল আবার লাভলীর কাছে ২ লাখ টাকা যৌতুক দাবী করেন। এতে লাভলী রাজি না হওয়ায় সহিদুল ২০১৪ সালের ২০ নভেম্বর ডাক্তারের কাছে যাওয়ার কথা বলে লাভলীকে নিয়ে বাড়ি‌র পাশে ফাঁকা মাঠের মধ্যে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

পরদিন ২১ নভেম্বর সকালে ঘটনাস্থল থেকে পুলিশ লাভলী বেগমের মরদেহ উদ্ধার করে। ওই দিনই নিহতের পিতা ছমির গাজী জামাই সহিদুল মোল্লাসহ ৭ জনকে আসামী করে হত্যা মামলা করেন। পরে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ৬ আসামীকে বাদ দিয়ে সহিদুলের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। আদালত দী্র্ঘ শুনানী শেষে আজ রবিবার এ রায় ঘোষনা করেন।

মামলাটি সরকার পক্ষে পরিচালনা করেন স্পেশাল পিপি রঞ্জিত কুমার বাড়ৈ ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন পিযুষ কুমার চন্দ। #