• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে মিথ্যা মামলায় অভিযোগপত্র দেওয়ায় পিবিআই পুলিশের এসআইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৭, ২০২২, ১০:০২ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে মিথ্যা মামলায় অভিযোগপত্র দেওয়ায় পিবিআই পুলিশের এসআইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মিথ্যা মামলায় অভিযোগপত্র দেওয়ায় পিবিআই পুলিশের এসআইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো: সাইদ মোল্যা। গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সে কাশিয়ানী উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আলহাজ্ব আঃ মান্নান মোল্যার ছেলে। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন ভুক্তভোগী মো: সাইদ মোল্যা বলেন, গত ৪ঠা ফেব্রুয়ারী পূর্ব শত্রুতার বিরোধের জের ধরে আমার প্রতিবেশী বিবাদী বুলু শেখের হুকুমে বিবাদী রুনা বেগম ও শিফালী বেগম বাড়িতে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণাংলকার’সহ মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় তারা আমাদের খুন জখমের হুমকি দেয়। এ বিষয়টি স্থানীয়ভাবে আপোষ মিমাংসা করার চেষ্টা করলে এলাকাবাসী ব্যর্থ হয়। পরবর্তীতে আমি বিজ্ঞ আদালতের স্মরণাপন্ন হয়ে একটি মামলা করি। ওই মামলাটি তদন্তের জন্য ওসি কাশিয়ানীর উপর ন্যস্ত করে আদালত। কাশিয়ানী থানার এস আই মো: আজিজুর রহমান সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে আদালতে অভিযোগপত্র দেয়।

একই ঘটনায় প্রতিপক্ষ শেফালী বেগম বাদী হয়ে কাশিয়ানী থানায় আমাকে এবং আমার স্ত্রী জোসনা বেগম আমার পুত্রবধু জুঁই বেগমকে আসামী করে রুনা বেগমকে তার বাড়ির উপর হতে মারপিট করে স্বর্ণালংকার নিয়ে গেছে মর্মে পাল্টা অভিযোগ করে। এ বিষয়টিতে তদন্তকারী অফিসার কোন সত্যতা খুঁজে পাননি। থানায় মিথ্যা অভিযোগ দিয়ে কোন সুবিধা না পেয়ে একই সময় উল্লেখ করে আমার বিরুদ্ধে বিজ্ঞ গোপালগঞ্জ নারী শিশু আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী- ২০০৩) এর ৯(৪) ধারায় ধর্ষণ চেষ্টায় একটি মিথ্যা মামলা রুজু করে। উক্ত মামলা তদন্তের দায়িত্ব পায় পিবিআই পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মো: শাহ্ আলম সোহাগ।

তিনি আরো বলেন, যোগাযোগ সাপেক্ষে আমাকে আশস্ত করে বলেন, আপনার বিরুদ্ধে আনিত অভিযোগটি মিথ্যা। মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিল করার অঙ্গীকারে আমার কাছ থেকে কয়েক ধাপে নগদ ১৩ হাজার টাকা ও তার নিজের বিকাশ একাউন্টের মাধ্যমে ১৫ই মার্চ দুপুরে ২ হাজার টাকা ও ১৭ই মার্চ দুপুরে ১ হাজার টাকা দেই। আমাকে তিনি নিশ্চিত করেন যে মামলায় চূড়ান্ত রিপোর্ট হবেই। অথচ উক্ত এসআই আমার নিকট থেকে টাকা নিয়েও মিথ্যা ঘটনাকে সত্য উল্লেখ করে আমার বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন দাখিল করে। মিথ্যা প্রতিবেদন দাখিলকারী এসআই মোঃ শাহ্ আলম সোহাগের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের পাশাপাশি মামলায় ন্যায় বিচার পেতে পারি তার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীসহ উর্দ্ধতন কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছি।

এ বিষয়ে পিবিআই কর্মকর্তা শাহ্ আলম সোহাগ টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে মো: সাইদ মোল্যা আমার অফিসসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। অভিযোগটি সম্পূন্ন মিথ্যা ও ভিত্তিহীন। #