স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ভাইয়ের বিয়েতে আর বরযাত্রী যাওয়া হলো না বোন প্রমিলা রায়ের (৩৫)। ভাইয়ের বিয়ে উপলক্ষে বাবার বাড়ী যাওয়ার পথেই বাসের ধাক্কায় প্রাণ হারাতে হলো তাকে।
এ দূর্ঘটনায় মৃত প্রমিলা রায়ের স্বামী প্রভাষ রায়, শ্বশুর মতমত রায় (৭০) ও ছেলে আহত হয়েছেন। আজ শুক্রবার (৮ জুলাই) বিকালে টুঙ্গিপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান সেতুর উপর এ দূর্ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দিবাকর বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত প্রমিলা রায় বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার আশাবুনিয়া গ্রামের প্রভাষ রায়ের স্ত্রী ও বাবার বাড়ী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কাকইবুনিয়া গ্রামে।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল জানান, ভাইয়ের বিয়েতে বরযাত্রী যাবার জন্য বাগেরহাটের চিতলমারী উপজেলার আশাবুনিয়া গ্রাম থেকে ভ্যানে করে শ্বশুর, স্বামী ও ছেলেকে নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার কাকইবুনিয়া গ্রামে যাচ্ছিলেন প্রমিলা রায়।
এসময় তাদের বহনকৃত ভ্যান শেখ লুৎফর রহমান সেতুর উপর উঠলে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমফোর্ট লাইনের একটি যাত্রীবাহী বাস পিছন থেকে সাজোড়ে ধাক্কা মারে।
এতে ভ্যান থেকে সবাই ব্রীজের উপর পরে গেলে ব্রীজের পিলারের সাথে মাথায় সাজোড়ে আঘাত লাগলে ঘটনাস্থলেই প্রমিলার মৃত্যু হয়। পরে পুলিশ ও এলাকাবাসী মিলে আহতদরে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রমিলার স্বামীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ও বাকী দুজনকে টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় প্রমিলার পরিবার ও স্বজনদের কোন অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। #