স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে। প্রথমবারের মত নব নির্মিত ঈদগাহে নারীদের জন্য ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এ ঈদগাহে লক্ষাধিক মুসুল্লী ঈদের নামাজ আদায় করবেন।
আগামীকাল রবিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান এ জামাতের ইমামতি করবেন মাওলানা হাফিজুর রহমান। প্রধান ঈদের জামাতকে কেন্দ্র করে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি শেষ করে পৌর কর্তৃপক্ষ। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে প্রধান জামাত কেন্দ্রীয় কোর্ট মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
এছাড়া ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় থানাপাড়া জামে মসজিদে এবং সকাল সাড়ে ৮টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে। প্রধান জামাত ছাড়াও আধা ঘন্টা পরপর পুলিশ লাইন মাঠ, বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে সুবিধামত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এবছর জেলা প্রশাসন ও গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে নারীদের জন্য ঈদগাহ ময়দানে ধর্মীয় নিয়ম-কানুন মেনে নামাজের ব্যবস্থা করা হয়েছে। প্রধান ঈদের জামাতকে কেন্দ্র করে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি শেষ করে পৌর কর্তৃপক্ষ। এদিকে জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, গোপালগঞ্জে একটি আন্তর্জাতিক মানের ঈদগাহ নির্মাণ করা হয়েছে। বিভিন্ন দেশে নারীদের জন্য আলাদাভাবে ঈদের নামাজ পড়ার ব্যবস্থা আছে। আমাদের দেশের জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশ নারী। সে কারণে এবারও ধর্মীয় সকল নিয়ম-কানুন মেনে স্বল্প পরিসরে পুরুষের পাশাপাশি নারীদের ঈদের নামাজ জামাতে পড়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। #