বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জে উপজেলা বিএনপির কর্মী সভার স্থান নির্ধারণ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থান নির্ধারণ নিয়ে দুই গ্রুপের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তাদের এ ক্ষোভ যে কোন সময় সংঘর্ষে রূপ নিতে পারে।
সুত্রে জানা যায়, আগামী ১৮ জুলাই সোমবার বাকেরগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উপজেলা বিএনপির নেতারা কর্মী সভা সফল করতে ও কর্মী সভার স্থান নির্ধারণ নিয়ে ১৩ জুলাই বুধবার উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি আবুল হোসেন খানের বাসভবনে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত সভায় উপজেলা বিএনপির ১৪ টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সহ আহবায়ক কমিটির অধিকাংশ সদস্যরা বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে কর্মী সভার স্থান নির্ধারণের জন্য অনুরোধ করেন। কিন্তু সাবেক এমপি আবুল হোসেন খান অধিকাংশ সদস্যদের মতামতকে উপেক্ষা করে তার নিজ বাসভবনে কর্মী সভার স্থান নির্ধারণ করতে চাইলে এনিয়ে চরম উত্তেজনা দেয়।
এ বিষয়ে ভরপাশা ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন হাওলাদার জানান, উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান দলকে কুক্ষিগত করে রাখতেই বাকেরগঞ্জে বিএনপির দলীয় অফিস নেয়া সত্বেও তিনি সকল দলীয় কার্যক্রম তার নিজ বাসভবনে বসে পরিচালনা করছেন। যাতে উপজেলা বিএনপির অধিকাংশ নেতা-কর্মীদের কোন মতামত নেই।
দুধল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন সানির বলেন, যে মুহূর্তে বিএনপির দলীয় নেতা-কর্মীরা উপজেলা বিএনপির ১৮ তারিখের কর্মী সভা সফল করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে সাবেক এমপি আবুল হোসেন খান দলে গ্রুপিং রাজনীতি করার জন্য অধিকাংশ নেতা-কর্মীদের মতামতকে অগ্রাহ্য করে তার বাসভবনে কর্মী সভা করতে চাচ্ছেন।
নিয়ামত ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক জলিলুর রহমান মাস্টার বলেন, বুধবার সন্ধ্যায় উপজেলা বিএনপির কর্মী সভার স্থান নির্ধারণ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপজেলা বিএনপির অধিকাংশ নেতা-কর্মীরা স্বতন্ত্র স্থান নির্ধারণ করে বাকেরগঞ্জ মডেল হাই স্কুল মাঠে কর্মী সভা করার মতামত দিয়েছেন। তা সত্বেও আবুল হোসেন খান একনায়কতন্ত্র কায়েম করতে তার বাসভবনে কর্মী সভা করার পায়তারা করছেন।
বরিশাল জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হারুন-আর-রশিদ সিকদার সাংবাদিকদের জানান, আগামী ১৮ জুলাই উপজেলা বিএনপির কর্মী সভা। সাবেক এমপি আবুল হোসেন খান গত ১১ জুলাই সোমবার বরিশাল জেলা বিএনপির এক সভায় উপজেলা বিএনপির কর্মী সভার স্থান স্বতন্ত্র জায়গায় বিশেষ করে বাকেরগঞ্জ জেএসইউ মডেল হাই স্কুল মাঠে করবেন বলে জেলা নেতৃবৃন্দের নিকট অঙ্গীকার ব্যক্ত করে আসেন। তারই ধারাবাহিকতায় উপজেলা বিএনপি নেতারা বুধবার তার বাসভবনে কর্মীসভা সফল করার জন্য আলোচনা সভায় মিলিত হয়েছিলো। কিন্তু তিনি সকলের মতামতকে গুরুত্ব না দিয়েই তার বাসভবনে কর্মীসভা করতে অপচেষ্টা করছেন। তিনিসহ অধিকাংশ নেতারা হাই স্কুল মাঠে কর্মীসভা করার জন্য ইতিমধ্যে কতৃপক্ষের অনুমতি নিয়েছেন বলেও জানান।
অপর একটি সুত্র জানায়, উপজেলা বিএনপির বেশিরভাগ নেতাদের মতামতের ভিত্তিতে এই কর্মীসভা বাকেরগঞ্জ জেএসইউ মডেল হাই স্কুল মাঠে না করলে সভা বানচালসহ দুই গ্রুপের রক্ষক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে।
উপজেলা বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা এ বিষয়ে দ্রুত জেলা বিএনপির নেতাদের হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক এমপি আবুল হোসেন খান অভিযোগ অস্বীকার করে বলেন, অধিকাংশ নেতা-কর্মীরাই চায় বিএনপি কর্মীসভা তার বাসভবনে হোক।