দানিসুর রহমান লিমন-
বাকেরগঞ্জে সহকারি শিক্ষক শাহিন খন্দকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। উপজেলার দক্ষিণ সাদিশ গ্রামের মোঃ মিলন খন্দকার তার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কলসকাঠী ইউনিয়নের দক্ষিণ সাদিশ গ্রামের আব্দুল ওহাব খন্দকারের পুত্র মোঃ শাহিন খন্দকার ক্ষুদ্রকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন। তিনি নিজ বাড়ির পার্শ্ববর্তী বিদ্যালয়ে চাকুরি করার সুবাদে এলাকায় সরকার বিরোধী রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে নানারকম অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করছেন। তারই ধারাবাহিকতায় সরকারি শিক্ষক মোঃ শাহিন খন্দকার পূর্ব শত্রুতার জের ধরে ২০২১ সালের ২২ মার্চ প্রতিবেশী আব্দুল মান্নান খন্দকারের বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে সদলবলে হামলা করে বৃদ্ধ মান্নান খন্দকারসহ কয়েকজনকে কুপিয়ে জখম করেন।
ওই ঘটনায় মান্নান খন্দকারের পুত্র মোঃ মিলন খন্দকার ২০২১ সালের ২৫ মার্চ একটি মামলা দায়ের করেন। মামলা নং ২১। উক্ত মামলায় পুলিশ তদন্ত করে সহকারী শিক্ষক শাহিন খন্দকারসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। বর্তমানে উক্ত মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
মামলার বাদী মোঃ মিলন খন্দকার অভিযোগ করেন, সহকারী শিক্ষক শাহীন খন্দকার ও তার আত্মীয়-স্বজনরা মামলা তুলে নিতে বিভিন্ন প্রকার চাপ সৃষ্টি করছেন। যে কারণে তিনিসহ তার মানীত সাক্ষীরা আদালতে সাক্ষী দিতে ভয় পাচ্ছেন।
এ ঘটনায় মিলন খন্দকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সরকারি চাকুরিবিধি অনুযায়ী সরকারি কর্মচারী আইনের একাদশ অধ্যায়ের ৪১ ধারা অনুযায়ী সরকারী শিক্ষক শাহীন খন্দকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, তিনি সহকারী শিক্ষক শাহিন খন্দকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করার জন্য তিনি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আকতার হোসেনকে দায়িত্ব দিয়েছেন। তিনি তদন্ত শেষ করে তার নিকট প্রতিবেদন দাখিল করলে সত্যতা পেলে তিনি ব্যবস্থা নিবেন।