গৌরনদী প্রতিনিধি \ রাতের আধাঁরে ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে অন্যের মালিকানা জমি জবরদখল করে গাছ কেটে ভেক্যু মেশিন দিয়ে মাটির রাস্তা নির্মানের কাজ অব্যাহত রাখার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় প্রতিবাদ করায় ভাড়াটিয়া সন্ত্রাসীরা জমির মালিকদের বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করে আসছে। তাদের অব্যাহত হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন জমির মূল মালিকরা। ঘটনাটি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের জোবারপাড় মিশন সংলগ্ন এলাকার।
শনিবার সকালে ওই এলাকার বাসিন্দা খ্রীষ্ট সম্প্রদায়ের লুক রতন আরিন্দা (৬৩) অভিযোগ করে বলেন, ওই এলাকার বাসিন্দা প্রভাবশালী জর্জ প্রসাদ বাড়ৈ তার নিজের বাড়িতে যাতায়াতের জন্য পূর্বের মাটির রাস্তা এলজিইডির মাধ্যমে পাকা করণের জন্য সম্প্রতি স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে একটি আবেদন করেন। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য প্রদীপ রায়কে মোটা অংকের টাকা দিয়ে রাস্তা নির্মানের জন্য মালিকানা রেকর্ডিয় জমি দখলের জন্য জর্জ প্রসাদ মরিয়া হয়ে ওঠেন।
লুক রতন আরও জানান, তারই ধারাবাহিকতায় প্রভাবশালীরা ২২ জুলাই দিবাগত রাতে ভাড়াটিয়া ৫০/৬০ জন লাঠিয়াল বাহিনীর সদস্যদের নিয়ে তারসহ ওই এলাকার নিরোদ বাড়ৈ, শিউলী আরিন্দা, শ্যামল মল্লিক, অতুল পান্ডে, বিধবা শিখা পান্ডের মালিকানা রেকর্ডিয় জমি জবরদখল করে গাছ কেটে ভেক্যু মেশিন দিয়ে ৮১০ মিটার দৈর্ঘ্য ও ১৬ ফুট প্রস্তের মাটির রাস্তা নির্মানের কাজ শুরু করেন। এসময় জমির মূল মালিকরা বাঁধা প্রদান করতে গেলে ভাড়াটিয়া সন্ত্রাসীরা তাদের (জমির মালিক) বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। পরবর্তীতে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জমির মূল মালিকরা প্রভাশালীদের হাত থেকে তাদের সম্পত্তি রক্ষার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখিত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জর্জ প্রসাদ বাড়ৈ বলেন, কারো জমি দখল করে নয়; ভেক্যু মেশিন দিয়ে পূর্বের রাস্তায় মাটি কেটে উঁচু করা হচ্ছে। আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জমির বিরোধ মীমাংসা করে রাস্তা নির্মানের জন্য নির্দেশ দিয়েছেন।