• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৪, ২০২২, ১৬:৩৯ অপরাহ্ণ
গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রানা মোল্লা (৩৫) নামে এক যুবককে এলোপাথারিভাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

আজ রবিবার (২৪ জুলাই) রাতে সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসির উদ্দিন হত্যাকান্ডের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রানা মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি মালিবাড়ি গ্রামের মৃত বাদল মোল্লার ছেলে।

ওসি শেখ নাসির উদ্দীন জানান, গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি এলাকার বদু সরদারের সাথে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে রানা মোল্লার বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত দুই বছর রানা মোল্লা ও তার লোকজন বদু সরদারকে কুপিয়ে আহত করে। পরবর্তীতে ৩ লক্ষ টাকার বিনিময়ে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়।

আজ রবিবার রাতে রানা মোল্লা ও তার কয়েকজন বন্ধু মিলে রঘুনাথপুর এলাকায় ঘুরতে যায়। এসময় বদু সরদার ও তার ১৫ থেকে ১৬ জন সমর্থক রানা মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে মারত্মক আহত করে পালিয়ে যায়।

পরে বন্ধুরা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রানাকে মৃত ঘোষনা করে।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জাহিদুর রহমান জানান, নিহতের দুই হাতে একাধিক কোপের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগে রানা মোল্লা মারা যান। #