• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে জাপা’র চেয়ারম্যান জিএম কাদেরের আগমনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৭, ২০২২, ১৬:১২ অপরাহ্ণ
বাকেরগঞ্জে জাপা’র চেয়ারম্যান জিএম কাদেরের আগমনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য

দানিসুর রহমান লিমন-
বরিশালের বাকেরগঞ্জে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের আগমনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বাকেরগঞ্জে আসবেন।

আজ বুধবার (২৭ জুলাই) ইতিমধ্যেই জাতীয় পার্টির কো- চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ্জ এবিএম রুহুল আমিন হাওলদারের নেতৃত্বে অর্ধশতাধিক গাড়ীর বহর নিয়ে ঢাকা থেকে সড়কপথে বেলা ৩ ঘটিকার সময় বাকেরগঞ্জের সাহেবগঞ্জ পল্লীভবনে এসে পৌছেছেন।

এর আগে বাকেরগঞ্জের খেজুরতলা থেকে উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তাকে রিসিভ করে পল্লীভবনে নিয়ে আসলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা এমপি পল্লী ভবনে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানায়।

কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এমপি, প্রেসিডিয়াম সদস্য সোলায়মান শেঠ, লিয়াকত হোসেন খোকা এমপি, মেজর সোহেল রানা এমপি, নূর ইসলাম তালুকদার এমপি, কেন্দ্রিয় মহিলা পার্টির সাধারন সম্পাদিকা নাজমা আক্তার এমপি, ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টুসহ দুই শতাধিক কেন্দ্রিয় নেতৃবৃন্দ।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা এমপি জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি ২৮ জুলাই সকাল ৯.১৫ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রওয়ানা দিয়ে সকাল ১০ টায় বাকেরগঞ্জ রুহুল আমিন হাওলাদার হেলিপ্যাডে অবতরন করবেন।

এরপর তিনি সেখান থেকে সড়ক পথে তার বাসভবন বাকেরগঞ্জের সাহেবগঞ্জ পল্লীভবনে উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।
বেলা ১২ টায় তিনি পল্লীভবন থেকে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার উদ্দেশ্যে সড়কপথে যাত্রা করবেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বেলা ১.১০ মিনিটের সময় পটুয়াখালী শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা জাতীয় পার্টি আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারন সম্পাদক প্রভাষক বিপ্লব মিত্র জানান, আগামীকাল বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপির বাকেরগঞ্জে আগমন উপলক্ষে নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চলের সৃষ্টি হয়েছে। তার কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই নেতা-কর্মীরা কর্মসূচি সফল করার জন্য ব্যাপক প্রচার-প্রচারনা চালাচ্ছে। তিনিসহ দলের নেতা-কর্মীরা জাতীয় পার্টির চেয়ারম্যানের আগমন উপলক্ষে আনন্দিত।

তিনি আরও জানান সংসদে বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপির সাথে তার সফরসঙ্গী থাকবেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ এমপি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এডভোকেট সালমা ইসলাম এমপি, দলের ভাইস-চেয়ারম্যানবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।