• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ট্রাক-মাইক্রোবাস ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৮, ২০২২, ০৩:২৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক-মাইক্রোবাস ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।

বুধবার (২৭ জুলাই) দিবাগত গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুরে এ দূর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো: সিরাজুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের রওশন মোল্লার ছেলে মফিজ মোল্লা (২২) এবং রায়দুল মোল্লার ছেলে মারুফ মোল্লা (১৮)।

ওসি মো: সিরাজুল ইসলাম জানান, মোটর সাইকেলে করে তিন আরোহী কাশিয়ানী থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় মোটর সাইকেলটি গোপালপুর বাজার এলাকায় পৌঁছালে ট্রাক-মাইক্রোবাস সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে মোটর সাইকেলের তিন আরোহী মারাত্মক আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মফিজ মোল্লা ও মারুফ মোল্লাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাক ও মাইক্রোবাসকে আটক করা যায়নি। #