• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বন্যাপরবর্তী পুনর্বাসনে ক্ষুদ্র কৃষকদের অগ্রাধিকারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৩০, ২০২২, ০৯:১৯ পূর্বাহ্ণ
বন্যাপরবর্তী পুনর্বাসনে ক্ষুদ্র কৃষকদের অগ্রাধিকারের দাবিতে মানববন্ধন

বরিশাল ব্যুরো

বন্যাপরবর্তী পুনর্বাসনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকারের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নগরীর সদর রোডে শনিবার সকালে এ্যাকশনএইড বাংলাদেশ, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) ও প্রান্তজনের উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

ক্যাব-এর সমন্বয়কারী রনজিত দত্তের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রান’র নির্বাহী পরিচালক রফিকুল আলম, র‌্যাক’র নির্বাহী পরিচালক মজিবর রহমান খান, ম্যাপ-এর নিবাহী পরিচালক শুভংকর চক্রবর্তী, আরোহী’র নির্বাহী পরিচালক এ.টি.এম খোরশেদ আলম, এনভিএস’র নির্বাহী পরিচালক শওকত আলী বাদল, সমাজসেবক মশিউর রহমান বাবু প্রমুখ।

বক্তারা বলেন, চলতি বছরের সাম্প্রতিক বন্যায় বিভিন্ন জেলার কৃষি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লাখ কৃষক। এই কৃষকদের ক্ষতি থেকে সামলে উঠতে সরকারি পুনর্বাসন কার্যক্রমে সবার আগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দিতে হবে।

ইতোমধ্যে বন্যা আক্রান্ত এলাকাগুলোতে পানি নেমে গেছে। এখনই কৃষকদের মধ্যে আমন ও বোরো বীজ, কৃষকদের বাড়ি ও বাগানের জন্য গাছের চারা বিতরণ, আসন্ন রবি মৌসুমের জন্য সরিষা প্রদান করতে হবে। এছাড়া ভুট্টা, বাদাম ও সবজি চারা-বীজ এবং জমি প্রস্তুত, শ্রমিক নিয়োগ, সার ও সেচের জন্য নগদ অর্থ প্রণোদণার দাবি জানানো হয়।