স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে আগামী ১৩ থেকে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ১৬ আগস্ট থেকে পূর্বের নিয়মে দর্শনার্থীরা বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে প্রবেশ করতে পারবেন।
আজ বৃহস্পতিবার (০৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান বিষয়টি নিশ্চত করেছেন। গত ২ আগস্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান জেলা প্রশাসক।
জেলা তথ্য অফিসার মো: মঈনুল ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসবেন। এই কারনে গত ২ আগস্ট প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের রাষ্টীয় কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন। এছাড়া মন্ত্রী, এমপিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গও টুঙ্গিপাড়ায় আসবেন। তাই প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে ও শোক দিবসের প্রস্তুতির জন্য ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে দর্শনার্থীদের প্রবেশাধিকার সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তিনি আরো জানান, ১৬ আগস্ট থেকে পূর্বের নিয়মে দর্শনার্থীরা বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে প্রবেশ করতে পারবেন। দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধকালীন সময় দেশের বিভিন্ন স্থান থেকে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে না আসার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। #