গৌরনদী প্রতিনিধি \ ঠিকাদারের বসত ঘরের সামনে নির্মান সাইডের জন্য স্তুপ করে রাখা প্রায় তিনটন রড রাতের আধাঁরে সহযোগীদের নিয়ে এক ইউপি সদস্য চুরি করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই ঠিকাদারের অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ অভিযুক্ত ইউপি সদস্যর ঠিকাদারী কাজের সাইড থেকে চুরি হওয়া রডের আংশিক উদ্ধার করেছে। এ ঘটনায় ভ‚ক্তভোগী ঠিকাদার সেলিম সেরনিয়াবাত মামলা দায়েরের জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের।
শনিবার দুপুরে পশ্চিম শাওড়া গ্রামের বাসিন্দা ঠিকাদার সেলিম সেরনিয়াবাত অভিযোগ করে বলেন, তার নির্মান সাইডের জন্য বসত ঘরের পাশে প্রায় পাঁচটন রড স্তুপ করে রাখা হয়। গত ২ আগস্ট দিবাগত রাতে ওই রডের মধ্য থেকে প্রায় তিনটন রড চুরি হয়ে যায়। যার বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।
তিনি (সেলিম) আরও বলেন, পরেরদিন ভোর থেকে অনেক খোঁজাখুজি করেও চোরাই রডের সন্ধান মেলেনি। এরইমধ্যে ৪ আগস্ট পাশ্ববর্তী নাঠৈ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মান কাজের সাইডে চোরাই রডের সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে সেখানে গেলে ওই নির্মান কাজের ঠিকাদার ও স্থানীয় চাঁদশী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান সুলভ ওই রড তার ক্রয় করা বলে দাবি করেন। এসময় তার কাছে রড ক্রয়ের মেমো কিংবা কোন দোকান থেকে ক্রয় করা হয়েছে জানতে চাইলে তিনি কিছুই বলতে পারেননি। উল্টো ইউপি সদস্য ও তার লোকজনে হামলা চালিয়ে তার (ঠিকাদার সেলিম) গাড়ির ড্রাইভার সৈয়দ জাফরকে মারধর করে আহত করে। এসময় তিনি (সেলিম) ও তার সাথে থাকা লোকজনে এগিয়ে আসলে ইউপি সদস্য তাদেরও মারধর করতে তেড়ে আসে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরি হওয়া রডের আংশিক (প্রায় তিনশ’) কেজি জব্দ করে থানায় নিয়ে আসেন।
রড উদ্ধারের সত্যতা স্বীকার করে থানায় লিখিত অভিযোগের তদন্তকারী অফিসার এসআই সুশান্ত কুমার বলেন, চুরি হওয়া বাকি রডের সন্ধান চলছে। পাশাপাশি অভিযোগকারী ও অভিযুক্তর রড ক্রয়ের কাগজপত্র পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ইউপি সদস্য মেহেদী হাসান সুলভ বলেন, পুলিশ যে রড জব্দ করেছে তা আমার ক্রয় করা। প্রতিপক্ষের লোকজনে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য সেলিম সেরনিয়াবাতকে ঢাল হিসেবে ব্যবহার করছে।