জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি বাতিল কর, কৃষকের সারের মূল্যবৃদ্ধির পায়তারা রুখে দেয়ার দাবিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির উদ্যোগে আজ (০৭ আগস্ট) সকাল ১০.৩০ ঘটিকায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড মোজাম্মেল হক ফিরোজের সভাপতিত্বে, জেলা নেতা কমরেড জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট টিপু সুলতান, বাবুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক শাহিন হোসেন,জাহাঙ্গীর চৌধুরী, পঙ্কজ ঘোষ, যুব মৈত্রী নেতা হাসানুজ্জামান পান্নু, নজরুল ইসলাম তালুকদার, সাবেক ছাত্র নেতা সম্রাট মজুমদার,ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় নেতা আরাফাত হোসেন শাওন প্রমুখ।
বক্তারা বলেন,সরকারের অযৌক্তিক এবং অমানবিক সিদ্ধান্ত জনগণ মানে না অবিলম্বে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সিদ্ধান্ত বাতিল করতে হবে,একই সাথে কৃষকের সারের মূল্যবৃদ্ধির পায়তারা বন্ধ করে জ্বালানী খাতের সাথে জড়িত দুর্নীতিবাজ,লুটপাটকারীদের চিহ্নিত করে গ্রেফতার করে শাস্তির নিশ্চিত করতে হবে।
বক্তারা জনগণকে পূর্ণাঙ্গ রেশনিং এর আওতায় এনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করারও দাবি জানান ।