স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আলোচিত রানা মোল্লা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
নিহতের পরিবার ও সদর উপজেলার কাঠি ইউনিয়নের কয়েক’শ সাধারন মানুষ অংশ নেন।
আজ বুধবার (১০ আগস্ট) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় বিচারের দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকাজ প্রদর্শন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তরা রানা হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করা হয়।
প্রসঙ্গত, গত রবিবার (২৪ জুলাই) রাতে রানা মোল্লা কয়েকজন বন্ধুকে নিয়ে মোটর সাইকেলে করে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর এলাকায় যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথিমধ্যে তেলিগাতি গ্রামে বদু সরদার ১৫/ ১৬ জন লোক নিয়ে গতিরোধ করে তার উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে রানাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষনা করে। #